পার্বতীপুর প্রতিনধি : দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে নির্বাচন-পরবর্তী সৌজন্য সাক্ষাৎ, সাংগঠনিক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পার্বতীপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক প্যানেল মেয়র কাউন্সিলর মো. মঞ্জুরুল হক মঞ্জুসহ দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।
বৃহস্পতিবার রাতে পার্বতীপুর শহরের পুরাতন বাজার ধানহাটিতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আইন বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান।
তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে অভিজ্ঞ ও জনপ্রিয় ব্যক্তিরা বিএনপিতে যোগ দিলে দল আরও শক্তিশালী হবে। নবাগতদের তিনি স্বাগত জানান।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও রামপুর ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সাদো, উপজেলা যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মমিনুল ইসলাম ডাক্তার, সদস্য সচিব মাহবুব রশিদ সংগ্রাম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক খাদেমুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান সিয়াম এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হান্নান আশরাফি প্রিন্স।
বিএনপিতে যোগদানের পর মো. মঞ্জুরুল হক মঞ্জু বলেন, অতীতে তিনি রাজনৈতিকভাবে বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি তার অনুসারীদের নিয়ে দলটিতে যোগদান করেছেন।
উপজেলা যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মমিনুল ইসলাম ডাক্তার বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্বেচ্ছায় বিএনপিতে যোগ দিয়েছেন।