জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি:
"দেশ গড়বে নতুন শক্তি, এগিয়ে যাচ্ছে এনসিপি, দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে"—এই স্লোগানকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নীলফামারীর জলঢাকায় জুলাই পথযাত্রা ও পথসভার আয়োজন করেছে।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলা এনসিপির উদ্যোগে ডাকবাংলো মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) আবু সাঈদ লিয়নের নেতৃত্বে শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় পথসভা।
পথসভায় সভাপতিত্ব করেন আবু সাঈদ লিয়ন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবশক্তির আহ্বায়ক আহসান হাবীব রক্সি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. আতিক মুজাহিদ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইদুজ্জামান বাবু এবং সদস্যসচিব আখতার হোসেন এমপি।
এ সময় আরও বক্তব্য দেন উপজেলা এনসিপির সভাপতি আহসান হাবীব, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক প্রভাষক সাদের হোসেন, উপজেলা জামায়াতের আমীর মোখলেছুর রহমান মাস্টার, নায়েবে আমীর ও প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান, সেক্রেটারি মোয়াম্মার আল হাসান, সহকারী সেক্রেটারি অধ্যাপক এ.এ.এম. মুজাহিদ মাসুম এবং পৌর জামায়াতের আমীর মোজাম্মেল হক।
বক্তারা তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা, জুলাই সনদের দ্রুত বাস্তবায়ন, বাজেটে আঞ্চলিক বৈষম্য দূর করা এবং সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, নৈরাজ্য ও মাদকমুক্ত বাংলাদেশ গঠারে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তারা অভিযোগ করেন, সরকার এনসিপির রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করছে এবং দলটির প্রতি বৈষম্যমূলক আচরণ করছে।
পথসভায় সারজিস আলম বলেন, জলঢাকার সন্তান আবু সাঈদ লিয়ন ভবিষ্যৎ নেতৃত্বের একজন সম্ভাবনাময় প্রতিনিধি। তিনি নেতাকর্মীদের লিয়নের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করার এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলন জোরদার করার আহ্বান জানান।
কর্মসূচিতে উপজেলা ও পৌর এনসিপির নেতাকর্মীদের পাশাপাশি সহযোগী সংগঠনের সদস্য, সমর্থক এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। উৎসবমুখর পরিবেশে পুরো আয়োজন সম্পন্ন হয়।