বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে আর্জেন্টিনার জয় উদযাপন করতে গিয়ে নেত্রকোনায় ছাদ থেকে পড়ে দীপ্ত চৌধুরী (২৪) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোররাত ৩টার দিকে শহরের শহীদ মিনার মোড় এলাকার সিঙ্গার শোরুমের দোতলার ছাদে এ দুর্ঘটনা ঘটে। নিহত দীপ্ত শহরের মালনী রোড এলাকার ব্যবসায়ী বাদল চৌধুরীর একমাত্র ছেলে। তিনি অনার্সে অধ্যয়নরত ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সেমিফাইনালে আর্জেন্টিনার জয় নিশ্চিত হওয়ার পর বন্ধুদের সঙ্গে ছাদে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন দীপ্ত। এ সময় সড়কে বের হওয়া আর্জেন্টিনা সমর্থকদের বিজয় মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে অসতর্কতাবশত পা পিছলে নিচে পড়ে যান তিনি। পড়ে যাওয়ার সময় পিডিবির ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের তারে আঘাত লেগে পরে সড়কে ছিটকে পড়েন। এতে গুরুতর আহত হন তিনি।
পরে তাঁর বন্ধুরা দ্রুত উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবুল খায়ের বলেন, পরিবারের আবেদনের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।