গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ছবির উদ্দিন শিকদার দীর্ঘ ৩৭ বছরের চাকরি শেষে বাংলাদেশ পুলিশ থেকে অবসরে গেছেন। সোমবার (৩০ জুন) দুপুরে টুঙ্গিপাড়া থানা প্রাঙ্গণে তার সম্মানে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সহকর্মীদের ভালোবাসা ও সম্মানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী হুমায়ূন রশীদ এবং টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেন। পরে সহকর্মীরা ফুল দিয়ে সাজানো গাড়িতে করে তাকে নিজ বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বহলতলী গ্রামে পৌঁছে দেন।
ছবির উদ্দিন শিকদার ১৯৮৯ সালের ১২ এপ্রিল ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। চাকরির দীর্ঘ সময়ে দেশের বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করে সর্বশেষ টুঙ্গিপাড়া থানায় কর্মরত ছিলেন।
বিদায় অনুষ্ঠানে তিনি বলেন, কর্মজীবনের শেষ দিনে সহকর্মীদের কাছ থেকে যে আন্তরিকতা ও সম্মান পেয়েছেন, তা তার জীবনের অন্যতম বড় প্রাপ্তি। এই ভালোবাসা তিনি আজীবন মনে রাখবেন বলে জানান।
টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী বলেন, ছবির উদ্দিন শিকদার থানার একজন অভিজ্ঞ ও নিষ্ঠাবান কর্মকর্তা ছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছেন। অবসরজীবন যেন তার সুখ, শান্তি ও সুস্বাস্থ্যে কাটে—সেই কামনা করেন তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী হুমায়ূন রশীদ বলেন, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দীর্ঘদিন জনগণের সেবা করেছেন এসআই ছবির উদ্দিন শিকদার। তার অবদান গোপালগঞ্জ জেলা পুলিশ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।আজকের পত্রিকা তথ্যে।