ব্যবসায়ীদের অভিযোগ, গত ১৫ সেপ্টেম্বর দিনের বেলায় সৈয়দপুর প্লাজার নিচতলায় দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। চোরেরা বিদ্যুৎ জুয়েলার্স থেকে রুপার গহনা এবং ইনফিনিক্সের মোবাইল ফোনের শোরুম থেকে বিপুলসংখ্যক মোবাইল ফোন ও নগদ অর্থ নিয়ে যায়। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
চুরির ঘটনার পর মার্কেটের নিরাপত্তাব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছেন ব্যবসায়ীরা। তাদের ভাষ্য, নিরাপত্তাকর্মী দায়িত্বে থাকার পরও দিনের বেলায় দুটি প্রতিষ্ঠানের তালা কেটে চুরি হওয়া নিরাপত্তাব্যবস্থার বড় ধরনের দুর্বলতার বিষয়টি সামনে এনেছে।
এ অবস্থায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেওয়া, প্লাজার নিরাপত্তা জোরদার এবং চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবিতে রোববার তারা সড়কে নামেন। প্রায় তিন ঘণ্টা ধরে শেরে বাংলা সড়কে অবস্থান নিয়ে দাবি আদায়ের পক্ষে বিভিন্ন স্লোগান দেন ব্যবসায়ীরা।
অবরোধকারীদের অভিযোগ, কর্মসূচি চললেও উপজেলা প্রশাসন, পুলিশ কিংবা প্লাজা কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদের সঙ্গে আলোচনার জন্য কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তারা জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে এসে তাদের দাবিগুলো নিয়ে আলোচনা না করা পর্যন্ত অবরোধ চালিয়ে যাবেন।
ব্যবসায়ীরা আরও বলেন, দ্রুত দাবি বাস্তবায়নের দৃশ্যমান উদ্যোগ নেওয়া না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে।
এদিকে ব্যবসায়ীদের অবস্থানের কারণে শেরে বাংলা সড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে ওই সড়ক ব্যবহারকারী সাধারণ মানুষ ও যানবাহনের যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
প্রতিবেদন লেখা পর্যন্ত ব্যবসায়ীরা সড়কে অবস্থান নিয়ে মানববন্ধন ও অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন।