নীলফামারীর সৈয়দপুরে বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান জুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি একই ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
নাশকতার অভিযোগে সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে বোতলাগাড়ী ইউনিয়নে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। পরদিন মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, এর আগেও একটি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন মনিরুজ্জামান জুন। পরে জামিনে মুক্ত হয়ে তিনি বাড়িতে ছিলেন। তবে এবার কোন মামলায় বা কী কারণে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে পরিবারের সদস্যরা বিস্তারিত জানাতে পারেননি।
সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, নাশকতা সৃষ্টির অভিযোগের ভিত্তিতে মনিরুজ্জামান জুনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে তাকে আদালতে নেওয়া হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে আদালতের আদেশ অনুযায়ী তাকে কারাগারে পাঠানো হয়েছে।