শনিবার (২০ জুন) সকালে উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর করানীপাড়া গ্রামের নিকটবর্তী ডালিয়া ক্যানেলের পাশে একটি পাটখেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। হৃদয়বিদারক এ ঘটনায় পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে।
নিহত সানজিদা(৯) একই ইউনিয়নের ভীমপুর করানীপাড়া গ্রামের বাসিন্দা সাইদুল ইসলামের কন্যা। সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করত।
স্বজন ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শুক্রবার বিকেলে বাড়ির আশপাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল সানজিদা। কিছু সময় পর তাকে আর দেখা না গেলে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে ওঠেন। পরে আত্মীয়-স্বজন ও এলাকাবাসী মিলে সম্ভাব্য বিভিন্ন স্থানে রাতভর খোঁজ চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরদিন সকালে বাড়ির অদূরে ডালিয়া ক্যানেলের পাশের একটি পাটক্ষেতে শিশুটির নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। বিষয়টি জানার পর পরিবারের সদস্যরা সেখানে ছুটে যান। খবর পেয়ে তারাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে তদন্ত কার্যক্রম চলছে। পাশাপাশি এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।