নিজস্ব প্রতিবেদক:: নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দারুল উলুম মোড় এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত একটি মাস্টার ড্রেন ও জনসাধারণের চলাচলের সড়ক দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে সোমবার (২০ জুলাই) স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশ থেকে অভিযুক্ত ব্যক্তিকে ৭২ ঘণ্টার মধ্যে অবৈধ স্থাপনা অপসারণের আলটিমেটাম দেওয়া হয়।
সমাবেশে বক্তব্য দেন সৈয়দপুর পৌরসভার কাউন্সিলর প্রার্থী ও জেলা বিএনপির প্রচার সম্পাদক মো. আবু সরকার। তিনি বলেন, ২০১৬ সালে তৎকালীন পৌর মেয়র মরহুম আমজাদ হোসেন সরকার এবং স্থানীয় কাউন্সিলর মরহুম আল মামুন সরকারের উদ্যোগে ডালুম মাদ্রাসা সংলগ্ন ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসনে মাস্টার ড্রেনটি নির্মাণ করা হয়। কিন্তু সম্প্রতি এক ব্যক্তি ড্রেনের ওপর স্থাপনা নির্মাণ করায় পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়েছে। একই সঙ্গে সড়কের একটি অংশ দখল হয়ে যাওয়ায় স্থানীয়দের চলাচলেও চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
বক্তারা অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তি অতীতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় প্রভাব বিস্তার করতেন। সরকার পরিবর্তনের পরও তিনি সরকারি ড্রেন ও সড়ক দখল করে রেখেছেন বলে দাবি করেন তারা। এ বিষয়ে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান।
সমাবেশ থেকে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসকের প্রতি অবিলম্বে হস্তক্ষেপের আহ্বান জানিয়ে বলা হয়, আগামী ৭২ ঘণ্টার মধ্যে ড্রেন ও সড়কের ওপর নির্মিত সব অবৈধ স্থাপনা অপসারণ করতে হবে। অন্যথায় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে দখলমুক্ত করার কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
সমাবেশে উপস্থিত কয়েকজন বাসিন্দা বলেন, সামান্য বৃষ্টি হলেই ড্রেনের পানি বের হতে না পেরে আশপাশের সড়ক ও বাড়িঘরে পানি জমে যায়। এতে শিশু, বয়স্ক ও শিক্ষার্থীদের চলাচল ব্যাহত হচ্ছে। দ্রুত অবৈধ স্থাপনা অপসারণ করে ড্রেনের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করার দাবি জানান তারা।
আরেক বাসিন্দা বলেন, সরকারি অর্থে নির্মিত ড্রেন ও রাস্তা কোনো ব্যক্তি নিজের দখলে রাখতে পারেন না। প্রশাসনের উচিত বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।
প্রতিবাদ সমাবেশে ৮ নম্বর ওয়ার্ডের বিপুলসংখ্যক বাসিন্দা অংশ নিয়ে সরকারি ড্রেন ও সড়ক দখলমুক্ত করার দাবিতে একাত্মতা প্রকাশ করেন। এ/এম/রিফান/