সৈয়দপুর প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর সড়কে অবস্থিত ফেয়ার পার্কে চলমান ক্ষুদ্র ও কুটির শিল্প বাণিজ্য মেলায় অনিয়ম, লটারি, হাউজি ও অশ্লীল কর্মকাণ্ড বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ১১ জুলাই সন্ধ্যায় শহরের পাঁচ মাথা মোড়ে ‘সচেতন জনতা সৈয়দপুর’-এর উদ্যোগে আয়োজিত এ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, মেলার পরিচালনা কমিটি পরিবর্তন, মেলার মেয়াদ বৃদ্ধি এবং লটারি,অশ্লীল কার্যক্রম চালুর সিদ্ধান্ত জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে। এসব কার্যক্রম অবিলম্বে বন্ধ করে মেলাকে পারিবারিক ও সামাজিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পরিবেশে পরিচালনার দাবি জানান তারা।
সমাবেশে বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা মাওলানা ইসমাইল হোসেন রিয়াজী, উপদেষ্টা মাওলানা ছদর উদ্দিন ও হাফেজ নুরুল হুদা, সভাপতি মুফতি গোলাম রব্বানী বিন মুখলিছ, সহ-সভাপতি মাওলানা গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম রব্বানী, কোষাধ্যক্ষ সাব্বির হোসেন, সদস্য আল আমিন এবং সৈয়দপুর জেলা বিএনপির নেতা অধ্যাপক শওকত হায়াত।
বক্তারা বলেন, একটি পারিবারিক বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিত মেলায় অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হলে তা সমাজ ও তরুণ প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
সমাবেশে স্থানীয় বিভিন্ন মসজিদের ইমাম, আলেম-ওলামা এবং শহরের বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিক অংশ নেন। তারা মেলায় কথিত অনিয়ম ও অশ্লীলতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে দ্রুত এসব কার্যক্রম বন্ধের দাবি জানান।