নিজস্ব প্রতিবেদক, সৈয়দপুর: সৈয়দপুরে চলমান মেলার নামে জুয়া, হাউজিং, লটারি ও অশ্লীল নাচ-গান বন্ধের দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে সচেতন জনতা, সৈয়দপুর।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৭ জুলাই (শুক্রবার) শহরের বিভিন্ন মসজিদে জুয়া, হাউজিং, লটারি ও অশ্লীলতার কুফল এবং সামাজিক-নৈতিক অপকারিতা বিষয়ে খতিব ও আলেমদের মাধ্যমে বয়ান উপস্থাপনের আহ্বান জানানো হয়েছে।
১৮ জুলাই (শনিবার) শহরজুড়ে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাইকিং, প্রচারণা ও গণসংযোগ কর্মসূচি পালন করা হবে।
এছাড়া ১৯ জুলাই (রবিবার) বাদ জোহর বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
সচেতন জনতা, সৈয়দপুরের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, মেলার নামে জুয়া, হাউজিং, লটারি ও অশ্লীল কর্মকাণ্ড সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। এসব কার্যক্রম বন্ধে প্রশাসনের কার্যকর উদ্যোগ গ্রহণের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বিবৃতিতে দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সর্বস্তরের সৈয়দপুরবাসীকে উক্ত কর্মসূচিতে অংশ নিয়ে শান্তিপূর্ণভাবে দাবির প্রতি সংহতি প্রকাশের আহ্বান জানানো হয়।