নীলফামারীর সৈয়দপুরে পঞ্চগড় থেকে রাজশাহীগামী একটি বিয়ের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এতে কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তবে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রবিবার (৫ জুলাই) দিবাগত রাত প্রায় ৩টার দিকে সৈয়দপুর শহরের কয়া গোলাহাট মুজার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে পঞ্চগড় থেকে রাজশাহীর উদ্দেশে রওনা হওয়া বাসটিতে নারী, পুরুষ ও শিশুসহ বেশ কয়েকজন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসে প্রায় ৫ জন নারী, ২১ জন পুরুষ এবং কয়েকজন শিশু ছিলেন। দুর্ঘটনায় কয়েকজন সামান্য আহত হলেও কেউ গুরুতর আহত হননি।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, বাসটি কম পানিযুক্ত একটি খাদে পড়ে যাওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। আহতরা প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর অন্য একটি বাসে করে রাজশাহীর উদ্দেশে যাত্রা অব্যাহত রাখেন।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের জন্য শনিবার প্রয়োজনীয় যন্ত্রপাতি এনে উদ্ধার কাজ পরিচালনা করা হয়।