
অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভনে প্রতারণা, সৈয়দপুর থেকে দুই যুবক গ্রেপ্তার
বিদেশে পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের দুই সদস্য গ্রেপ্তার
By Admin Editor
June 18, 2026
334 Views
2 min read
অস্ট্রেলিয়ায় চাকরি ও স্থায়ীভাবে বসবাসের সুযোগ করে দেওয়ার কথা বলে এক ওমানপ্রবাসীর কাছ থেকে প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয় ব্যবহার করে তারা দীর্ঘদিন ধরে বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণা করে আসছিল বলে জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার সিআইডির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রাকিবুল হোসেন (২৬) ও মো. রনি ইসলাম (১৯)। রনি ‘খাজা মোহাম্মদ আলী’ নামে নিজেকে অস্ট্রেলিয়াপ্রবাসী পরিচয় দিয়ে প্রতারণা চালাতেন বলে অভিযোগ রয়েছে।
সিআইডির সাইবার পুলিশ সেন্টারের একটি দল বুধবার নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ছয়টি মোবাইল ফোন ও ১২টি সিম কার্ড জব্দ করা হয়।
তদন্ত সূত্রে জানা যায়, ভুক্তভোগী একজন ওমানপ্রবাসী। ২০২৫ সালের ডিসেম্বরে পরিচিত এক ব্যক্তির মাধ্যমে তিনি অস্ট্রেলিয়ায় যাওয়ার সুযোগের কথা জানতে পারেন। পরে ‘খাজা মোহাম্মদ আলী’ পরিচয়ে এক ব্যক্তির সঙ্গে তার যোগাযোগ হয়, যিনি বিভিন্ন অনলাইন মাধ্যমে অস্ট্রেলিয়ায় চাকরি ও ভিসার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন।
ভিসা প্রসেসিং, আবেদন ফি, ফরম পূরণ এবং অন্যান্য আনুষঙ্গিক খরচের কথা বলে ধাপে ধাপে ভুক্তভোগীর কাছ থেকে টাকা নেওয়া হয়। সরল বিশ্বাসে তিনি বিভিন্ন মোবাইল ব্যাংকিং নম্বরে মোট এক লাখ ৪৬ হাজার ৪০০ টাকা পাঠান। পরবর্তীতে আরও অর্থ নেওয়ার জন্য একটি ব্যাংক হিসাব নম্বরও দেওয়া হয়।
কিন্তু দীর্ঘ সময় পার হলেও বিদেশে পাঠানোর কোনো কার্যক্রম না দেখে এবং সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে প্রতারণার বিষয়টি স্পষ্ট হয়। পরে ভুক্তভোগীর ভাগ্নে বাদী হয়ে গত ২ জুন রাজধানীর যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেন।
সিআইডির তদন্তে জানা গেছে, অভিযুক্ত রনি ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভুয়া ফেসবুক পেজ পরিচালনা করতেন। সেখানে অস্ট্রেলিয়ায় চাকরি, ওয়ার্ক পারমিট ও অভিবাসনসংক্রান্ত আকর্ষণীয় প্রচারণা চালিয়ে সাধারণ মানুষকে ফাঁদে ফেলা হতো। বিদেশি নম্বর ব্যবহার করে পরিচালিত বিভিন্ন যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টের মাধ্যমে প্রতারণাকে আরও বিশ্বাসযোগ্য করে তোলা হতো।
অন্যদিকে রাকিবুল হোসেন প্রতারণার মাধ্যমে আদায়কৃত অর্থ গ্রহণ, স্থানান্তর এবং বিভিন্ন আর্থিক লেনদেন পরিচালনায় সহযোগিতা করতেন বলে তদন্তে উঠে এসেছে।
সিআইডি জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। একই সঙ্গে বিদেশে চাকরি বা অভিবাসনের নামে কোনো প্রস্তাব পেলে তা গ্রহণের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ভিসা প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত যাচাই করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। তথ্য সূত্র : ঢাকা টাইমস্
More from Saidpur News
সৈয়দপুরবন্ধ গ্রামীণ কুটির শিল্প মেলা ও লটারি, সৈয়দপুরে শোকরানা দোয়া মাহফিল
সৈয়দপুর পাঁচ মাথা মোড়ে লটারি বন্ধের পর কৃতজ্ঞতায় শোকরানা মাহফিল।
Jul 30• 1 min read
40
সৈয়দপুরহবিগঞ্জে হামলার প্রতিবাদে সৈয়দপুরে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
হবিগঞ্জে হামলা পাঁচ মাথা মোড়ে বিক্ষোভ ও সমাবেশ করেন সৈয়দপুর এনসিপির নেতাকর্মীরা।
Jul 29• 1 min read
210
সৈয়দপুরসংস্কারের অপেক্ষায় সৈয়দপুর বাসটার্মিনাল, চরম ভোগান্তিতে যাত্রীরা
কাদা-গর্তে নাকাল সৈয়দপুর বাসটার্মিনাল
Jul 29• 2 min read
60
