
সৈয়দপুর রেলওয়ে কারখানায় ১৯৩৬ সালের কয়লাচালিত ইঞ্জিনে অতীতের স্মৃতি
১৯২১, ১৯৩৬ ও ১৯৮২ সালের ইঞ্জিন সংরক্ষিত সৈয়দপুরে
By Admin Editor
June 19, 2026
33 Views
2 min read
বাংলাদেশের রেলওয়ে ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা। দেশের অন্যতম বৃহৎ ও প্রাচীন এ কারখানার প্রবেশমুখে সংরক্ষিত রয়েছে ব্রিটিশ আমলের কয়েকটি ঐতিহাসিক লোকোমোটিভ, যা আজও অতীতের স্মৃতি বহন করে চলেছে।
কারখানার প্রশাসনিক ভবনের সামনে খোলা প্রাঙ্গণে প্রদর্শনের জন্য রাখা হয়েছে তিনটি পুরোনো ইঞ্জিন। এর মধ্যে দুটি বাষ্পশক্তি বা কয়লাচালিত এবং একটি ডিজেলচালিত। দীর্ঘদিন দেশের বিভিন্ন রেলপথে সেবা দেওয়া এসব ইঞ্জিন বর্তমানে রেলের ঐতিহ্যের স্মারক হিসেবে সংরক্ষিত রয়েছে।
সংরক্ষিত ইঞ্জিনগুলোর মধ্যে সবচেয়ে পুরোনো ব্রডগেজ স্টিম লোকোমোটিভটি নির্মিত হয়েছিল ১৯২১ সালে। একসময় পাকশী অঞ্চলের বিভিন্ন রুটে ট্রেন পরিচালনায় ব্যবহৃত হতো এটি। কয়েক দশক ধরে দায়িত্ব পালন শেষে আশির দশকের শুরুতে এর কার্যক্রম বন্ধ হয়ে যায়।
অন্যদিকে ১৯৩৬ সালে নির্মিত ন্যারো গেজ স্টিম লোকোমোটিভ খুলনা-বাগেরহাট অঞ্চলে যাত্রী ও পণ্য পরিবহনে ব্যবহৃত হতো। প্রায় তিন দশকেরও বেশি সময় রেলসেবায় নিয়োজিত থাকার পর এটিও অবসরে যায়। বর্তমানে বিশ্বজুড়েই ন্যারো গেজ ইঞ্জিনের ব্যবহার প্রায় বিলুপ্ত।
রেল প্রযুক্তির আধুনিকায়নের ধারায় পরবর্তীতে চালু হয় ডিজেলচালিত ইঞ্জিন। সৈয়দপুর রেল কারখানায় সংরক্ষিত মিটারগেজ ডিজেল লোকোমোটিভটি ১৯৮২ সালে নির্মিত হয়। পার্বতীপুর, সান্তাহার ও লালমনিরহাট রুটে এটি দীর্ঘদিন চলাচল করেছে। নব্বইয়ের দশকের শেষ দিকে এর ব্যবহারও বন্ধ হয়ে যায়।
রেলওয়ে কর্মকর্তারা জানান, দেশের রেল পরিবহনের বিকাশ ও প্রযুক্তিগত পরিবর্তনের ইতিহাস তুলে ধরতেই এসব ইঞ্জিন সংরক্ষণ করা হয়েছে। একসময় দেশের যোগাযোগ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ ছিল কয়লাচালিত লোকোমোটিভ। আধুনিক প্রযুক্তির কারণে সেসব ইঞ্জিন এখন অতীতের স্মৃতি হলেও রেল ঐতিহ্যের অংশ হিসেবে এগুলো নতুন প্রজন্মের কাছে ইতিহাসকে পরিচয় করিয়ে দিচ্ছে।
প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে আগত দর্শনার্থীরা সৈয়দপুর রেল কারখানায় এসে এসব পুরোনো ইঞ্জিন ঘুরে দেখেন। বিশেষ করে ব্রিটিশ আমলের বাষ্পচালিত লোকোমোটিভগুলো ইতিহাসপ্রেমী মানুষ ও শিক্ষার্থীদের কাছে বাড়তি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
More from Saidpur News
ঐতিহ্য সৈয়দপুরইউটিউব দেখে শেখা, এখন ইউরোপ-আমেরিকায় যাচ্ছে সৈয়দপুরের বাঁশশিল্প
বাঁশের হস্তশিল্পে স্বপ্নপূরণ, কর্মসংস্থান ২০ জনের
Jul 16• 2 min read
1250
ঐতিহ্য সৈয়দপুরকুটিরশিল্পে নতুন সম্ভাবনা, আগরবাতি উৎপাদনে এগিয়ে সৈয়দপুর
কুটিরশিল্পে সম্ভাবনার নাম—সৈয়দপুরের আগরবাতি
Jul 2• 3 min read
441
ঐতিহ্য সৈয়দপুর১৫৬ বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে সৈয়দপুরের মুর্তজা ইনস্টিটিউট
১৮৭০ সালের ইউরোপিয়ান ক্লাব থেকে আজকের মুর্তজা ইনস্টিটিউট
Jun 24• 2 min read
611
