
সৈয়দপুরে মেলার নামে র্যাফেল ড্র-লটারি বন্ধের দাবিতে বিক্ষোভ
সচেতন জনতার সৈয়দপুর এর উদ্যোগে বিক্ষোভ মিছিল
By Admin Editor
July 20, 2026
3 Views
2 min read
নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসের ফেয়ার পার্কে আয়োজিত ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় র্যাফেল ড্র, লটারি, জুয়া ও কথিত অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে 'সচেতন জনতা সৈয়দপুর'।
গতকাল রোববার (১৯ জুলাই) দুপুরে শহরের রংপুর রোড জামে মসজিদ প্রাঙ্গণ থেকে সংগঠনটির ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পাঁচমাথা মোড়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা হাফেজ মো. নুরুল হুদা, সভাপতি গোলাম রব্বানী, সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখা জিয়া সাইবার ফোর্সের সভাপতি ফিরোজ আহমেদ, অ্যাডভোকেট গোলাম রব্বানী, শিক্ষক ও সাংবাদিক শাহাবাজ উদ্দিন সবুজ এবং নয়াবাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জিল্লুর রহমান। এছাড়াও সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান, শান্তিপূর্ণভাবে দাবি উত্থাপন এবং ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়ার পরও মেলায় র্যাফেল ড্র, লটারি ও বিতর্কিত কার্যক্রম বন্ধে দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে জনমনে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
তাদের দাবি, একটি গ্রামীণ ও কুটির শিল্প মেলার মূল আকর্ষণ হওয়া উচিত স্থানীয় উদ্যোক্তা ও কারুশিল্পীদের পণ্য। কিন্তু বর্তমান মেলায় র্যাফেল ড্র ও লটারিই প্রধান আকর্ষণে পরিণত হয়েছে। এছাড়া উচ্চ শব্দে মাইকিং, গভীর রাত পর্যন্ত অনুষ্ঠান, যানজট এবং পরীক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটার অভিযোগও তুলে ধরেন তারা। এসব বিষয় বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
এর আগে গত ৬ জুলাই 'সচেতন জনতা সৈয়দপুর'-এর সভাপতি গোলাম রব্বানীর স্বাক্ষরিত একটি স্মারকলিপি নীলফামারী জেলা প্রশাসক ও সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়। পরে ১১ জুলাই একই দাবিতে পাঁচমাথা মোড়ে প্রতিবাদ সমাবেশও অনুষ্ঠিত হয়।
এদিকে গত ১৬ জুলাই রাতে মেলা প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসএমআর ইভেন্ট ম্যানেজমেন্টের চেয়ারম্যান এস এম রাশেদ লটারি, জুয়া ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ অস্বীকার করে এসব অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন। এর আগে মেলা কর্তৃপক্ষও পৃথক সংবাদ সম্মেলনে একই ধরনের বক্তব্য দেয়।
ফলে মেলাকে ঘিরে উত্থাপিত অভিযোগ ও পাল্টা দাবির পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।
More from Saidpur News
সৈয়দপুরবন্ধ গ্রামীণ কুটির শিল্প মেলা ও লটারি, সৈয়দপুরে শোকরানা দোয়া মাহফিল
সৈয়দপুর পাঁচ মাথা মোড়ে লটারি বন্ধের পর কৃতজ্ঞতায় শোকরানা মাহফিল।
Jul 30• 1 min read
40
সৈয়দপুরহবিগঞ্জে হামলার প্রতিবাদে সৈয়দপুরে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
হবিগঞ্জে হামলা পাঁচ মাথা মোড়ে বিক্ষোভ ও সমাবেশ করেন সৈয়দপুর এনসিপির নেতাকর্মীরা।
Jul 29• 1 min read
210
সৈয়দপুরসংস্কারের অপেক্ষায় সৈয়দপুর বাসটার্মিনাল, চরম ভোগান্তিতে যাত্রীরা
কাদা-গর্তে নাকাল সৈয়দপুর বাসটার্মিনাল
Jul 29• 2 min read
60
